সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে এ ঘটনার পর আহত সাংবাদিক ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা একটার দিকে পূর্বশত্রুতার জের ধরে ছাত্রলীগের বাবর পক্ষের বেশ কয়েকজন কর্মী নতুন ভবনের সামনে প্রতিপক্ষের কর্মী এজাজ আহমেদের ওপর হামলা চালান। ওই পক্ষের কর্মীরা লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেন। এ সময় কালের কণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জসিম রেজা সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রলীগের কর্মীরা তাঁকেও মারধর করেন। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে উপাচার্য ও প্রক্টরকে স্মারকলিপি দিয়েছেন। বিকেলে আহত সাংবাদিক বাদী হয়ে ছাত্রলীগের বাবর-পক্ষের কর্মী আপেল, সজীব, মানিক, সুমন, সৌরভ, প্রশান্তসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন। প্রায় তিন মাস ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত থাকায় ছাত্রসংগঠনটির কেউ এ ঘটনার দায়িত্ব নিতে চাননি।ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার উপাচার্যের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।