সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই
দৈনিক সমকাল-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সাব্বির নেওয়াজের মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেজে সন্ত্রাসীরা সাইকেল ছিনতাই করে।সাব্বির নেওয়াজ বলেন, গত বুধবার রাতে উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখে মোটরসাইকেলে মিরপুরের বাসায় ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর মামা। রাত পৌনে দুইটার দিকে বিমানবন্দর সড়কের অফিসার্স মেসের সামনে একটি ছাই রঙের ব্যক্তিগত গাড়ির (ঢাকা মেট্রো-গ-২৫-৬১৬৯) জানালা দিয়ে কালো পোশাক পরা দুজন লোক লাল বাতি জ্বালিয়ে থামার সংকেত দেয়।সাব্বির বলেন, মোটর-সাইকেলের গতি কমালে একজন ওই গাড়ি থেকে নেমেই তাঁর মাথায় চাপাতি দিয়ে কোপ মারে। হেলমেট থাকায় কোনো ক্ষতি না হলেও মোটরসাইকেলসহ তাঁরা দুজন পড়ে গিয়ে আহত হন। তখন অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলটি (বাজাজ পালসার, ঢাকা মেট্রো ল-১৭-৯৩৭৯) নিয়ে একজন পালিয়ে যায়। অন্যরা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গাড়িতে করে পালায়। ঘটনার পর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করা হয়।