ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গতকাল মঙ্গলবার কয়েকজন সাংবাদিক বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকদের অভিযোগ, ‘অনুমতি না নিয়ে সংবাদ সংগ্রহ করার’ অভিযোগে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক তাঁদের লাঞ্ছিতও করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত সাংবাদিকেরা বলেন, গতকাল সকালে শাহ আলী এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। এ সময় একটি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গেলে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক তাঁকে বাধা দেন। ওই চিকিৎসকেরা সাংবাদিকসহ ক্যামেরাম্যানকে ধরে হাসপাতালের পরিচালকের কক্ষে নিয়ে যান। এ সময় পরিচালক অনুমতি না নিয়ে হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য আসায় সাংবাদিককে শাসিয়ে দেন। একই সংবাদ সংগ্রহের কাজে আরও কয়েকজন সাংবাদিক গেলে ‘অনুমতি নিতে হবে’ বলে সংবাদ সংগ্রহ করতে দেওয়া হয়নি।এ ব্যাপারে হাসপাতালের উপপরিচালক মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, কেউ শৃঙ্খলার বাইরে যেতে পারবে না। সাংবাদিকেরা জানান, গত ১৯ জানুয়ারি একজন রোগী ও চিকিৎসকের মধ্যে বাগিবতণ্ডা বিষয়ে সংবাদ প্রকাশ করায় কয়েকজন ইন্টার্ন চিকিৎসক সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন। তাঁরা ২২ জুলাই কয়েকজন সাংবাদিককে মারধর করে গুরুতর আহত করেন। এর কয়েক দিন পর হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলন করে অনুমতি ছাড়া সাংবাদিকদের হাসপাতালে সংবাদ সংগ্রহ নিষিদ্ধ করে দেয়। তবে সাংবাদিকেরা এমন ঘোষণার পর সম্মেলন বয়কট করেন।