আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ অপু উকিলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৬ জানুয়ারি তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।জানা যায়, রাজধানীর গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজে প্রায় তিন বছর ধরে সংকট চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির চেয়ারম্যান অপু উকিল ওই কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামকে ২০০৯ সালের ১১ নভেম্বর বরখাস্ত করেন। এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর একই বছরের ২২ নভেম্বর নিম্ন আদালতে মামলা করেন নজরুল ইসলাম। মামলার পরিপ্রেক্ষিতে আদালত অপু উকিলসহ পরিচালনা কমিটির অন্য সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। পরবর্তী সময়ে মামলাটি উচ্চ আদালতে গড়ায়।জানা যায়, আইনি লড়াই চলাকালে ২০১০ সালের ২৫ জানুয়ারি অশোক কুমার সাহা নামে একজন শিক্ষককে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে আদালতের নির্দেশ অনুযায়ী নজরুল ইসলামকে অধ্যক্ষ পদ ফিরিয়ে না দেওয়ায় তিনি হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর হাইকোর্ট অপু উকিলের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।আবেদনকারীর আইনজীবী মো. তৌফিক ইনাম প্রথম আলোকে বলেন, আদালত অবমাননার রুল জারির পরও নজরুল ইসলামকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব না দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দিয়ে কলেজ পরিচালনা করায় এক আবেদনের পরিপ্রেক্ষিতে অপু উকিলকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁকে বেআইনিভাবে চাকরিচ্যুত করায় আইনি লড়াই ছাড়া আর কোনো উপায় ছিল না।কলেজের কয়েকজন শিক্ষক জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযোগে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল।