সাংসদ শেখ হেলালের নাম করে বদলি স্থগিত চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ শেখ হেলালের নাম করে বদলির আদেশ স্থগিত করার চেষ্টার অভিযোগে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার আবদুল মজিদ প্রামাণিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকার জেলা ও দায়রা জজ কৃষ্ণা দেবনাথ গতকাল বুধবার আবদুল মজিদকে বরখাস্তের আদেশ দেন।আবদুল মজিদকে ২ ফেব্রুয়ারি ঢাকার তৃতীয় অর্থঋণ আদালত থেকে তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে বদলি করা হয়। এরপর জেলা ও দায়রা জজের কাছে সাংসদ শেখ হেলালের নাম করে মজিদ তাঁর বদলি ঠেকানোর চেষ্টা করেন। এ ধরনের কার্যকলাপ সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির পরিপন্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে তাঁকে সাময়িক বরখাস্তের নির্দেশও দেন তিনি। এর আগে একবার আবদুল মজিদ হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হক শাহীনের নাম করে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলামকে মোবাইল ফোনে বদলির আদেশ স্থগিত রাখার কথা বলেন। বিষয়টি তাঁদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় জেলা জজ আদালত থেকে বিচারপতি ওবায়দুল হক শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করেন। এরপর ৭ ফেব্রুয়ারি মজিদ জেলা জজের খাস কামরায় গিয়ে বলেন, বাগেরহাটের সাংসদ শেখ হেলাল ফোন করেছেন। আপনার সঙ্গে কথা বলতে চান। জেলা জজ ফোন ধরলে অপর প্রান্ত থেকে আবদুল মজিদকে যেকোনো একটি অর্থঋণ আদালতের সেরেস্তায় রাখতে বলা হয়।এ ঘটনায় জেলা জজ তাঁকে বরখাস্ত করেন। একই সঙ্গে, কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলেন।আদালত সূত্র জানায়, অর্থঋণ আদালতের সেরেস্তায় থাকা অবস্থায় আবদুল মজিদ অর্থজারি মামলার-৫৮০/২০০৮ নম্বর নথিটি গায়েব করেন। এ বিষয়েও সংশ্লিষ্ট আদালত তাঁকে কারণ দর্শাতে বলেছেন।