সাংস্কৃতিক কেন্দ্রের কমিটিতে পদ না পাওয়ায়...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের কমিটিতে পদ না পেয়ে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মোজাম্মেল হোসেন বন্ধুদের নিয়ে গতকাল সোমবার কমিটির তিনজনের ওপর চড়াও হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে লাঞ্ছিতও করা হয়।প্রত্যক্ষদর্শী ও ঘটনার শিকার ওই তিনজন জানান, গত বৃহস্পতিবার নির্বাচনের মাধ্যমে সাংস্কৃতিক কেন্দ্রের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। ছাত্রলীগের কর্মী মোজাম্মেল হোসেন সাধারণ সম্পাদক পদের প্রত্যাশী হলেও তাঁর সমর্থক না থাকায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং নতুন কমিটি প্রত্যাখ্যান করেন। গতকাল বেলা দেড়টার দিকে মোজাম্মেল তাঁর ২০-২৫ জন বন্ধু নিয়ে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায় সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ে যান এবং কমিটি বাতিলের দাবি জানান। এ নিয়ে তাঁদের সঙ্গে নতুন কমিটির সদস্যদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা সাংস্কৃতিক কেন্দ্রের কমিটির সভাপতি জসিমউদ্দিনকে চেয়ার নিয়ে ধাওয়া করেন এবং সাধারণ সম্পাদক মমিনুল হক ও প্রচার সম্পাদক মাহমুদুল জেমসকে লাঞ্ছিত করেন।খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেলা দুইটার দিকে সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামালউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘নতুন কমিটি গঠন নিয়ে সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ে দুই পক্ষের ভুল বোঝাবুঝি হয়েছে। পরিস্থিতি শান্ত করতে তালা দেওয়া হয়েছে। বিষয়টির মীমাংসা হলে তালা খুলে দেওয়া হবে।’