সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ সম্মেলন আজ শুরু
আজ বুধবার ঢাকায় শুরু হচ্ছে ‘কালচারাল ডাইভার্সিটি মিনিস্ট্রিয়াল ফোরাম অব দি এশিয়া-প্যাসিফিক রিজিওন ২০১২’ (সিডিএমএফ) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশে আয়োজিত তিন দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন ইউনেসকোর মহাপরিচালক মিজ ইরিনা বোকোভা। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেবেন কিরিবাতির উপরাষ্ট্রপতি এবং অভ্যন্তরীণ ও সমাজকল্যাণমন্ত্রী তেইমা ওনোরিও, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৩টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করেছে ৩৪টি দেশ। এই দেশগুলোর মধ্যে ইতিমধ্যে ১৬টি দেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছেন। তাঁরা হলেন: আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সৈয়দ মাখদুম রাহিন; ভুটানের স্বরাষ্ট্র ও সংস্কৃতিমন্ত্রী লিওনপো মিনজুর দর্জি; ব্রুনেই দারুস সালামের সংস্কৃতি, যুব ও ক্রীড়ামন্ত্রী আবদুল্লাহ; ইরানের সংস্কৃতিবিষয়ক সহকারী মন্ত্রী মোহাম্মদ জাফর মোহাম্মদ জাদেহ; কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্যবিষয়ক সহকারী মন্ত্রী এ বুরিবায়েভ; কিরিবাতির উপরাষ্ট্রপতি এবং অভ্যন্তরীণ ও সামাজিক বিষয়ক মন্ত্রী তেইমা ওনোরিও; মালদ্বীপের পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী আবুল গাফুর আহমেদ আদিব; মার্শাল আইল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী উইলবার হাইন; পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী সামিনা খালিদ গুর্কি; পাপুয়া নিউগিনির শিল্প, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী বেঞ্জামিন পোহিলিপ; শ্রীলঙ্কার জাতীয় ঐতিহ্যবিষয়ক মন্ত্রী জগৎ বালসুরিয়া; ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটনবিষয়ক সহকারী মন্ত্রী লি কান হাই প্রমুখ।উক্ত সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশের ওপর ছয়টি সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনার ঢাকার রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হবে। ১১ মে শুক্রবার ‘ঢাকা ঘোষণা’র মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। ওই দিন সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে যাবেন সম্মেলনে আগত বিদেশি অতিথিরা।সম্মেলন চলাকালে রূপসী বাংলা হোটেলে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর প্রদর্শনীর আয়োজন করা হবে। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রসঙ্গত, বিশ্বের সকল জাতির সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশ নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনেসকো ২০০৫ সালে কনভেনশনটি গ্রহণ করে। বাংলাদেশ ২০০৭ সালে কনভেনশনটি অনুস্বাক্ষর করে। এ পর্যন্ত বিশ্বের ১২৩টি দেশ কনভেনশনটিতে অনুস্বাক্ষর করেছে। এ কনভেনশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অনুস্বাক্ষরের হার কম। বাংলাদেশসহ এ অঞ্চলের ৪৪টি দেশের মধ্যে মাত্র ১২টি দেশ কনভেনশনটিতে অনুস্বাক্ষর করেছে। কনভেনশনে প্রথম দিকে অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ কনভেনশনটিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্য দেশগুলোকে অনুস্বাক্ষরে উৎসাহিত করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করেছে।