সাইকেল চালানো শেখা হলো না তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইকেল চালানো শেখা হলো না মেহেদী হাসানের (১৩)। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মানিকনগরে ঘাতক পিকআপ কেড়ে নিয়েছে তার প্রাণ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সবুজবাগের তানজিমুল মিলাদ মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র মেহেদী একটি সাইকেল ভাড়া নিয়ে চালানো শিখছিল। বেলা দুইটার দিকে মানিকনগর মডেল স্কুলের সামনে বেপরোয়া গতির একটি পিকআপ তাকে চাপা দেয়। সংকটজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিক্ষুব্ধ জনতা পিকআপটি ভাঙচুর করে এবং চালক মামুন হোসেনকে (২৫) পিটুনি দেয়। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, পুলিশ মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পিকআপটি থানায় নিয়ে যায়। মৃত্যুর খবর পেয়ে মেহেদীর বাবা মিজানুর রহমান ও স্বজনেরা হাসপাতালে ভিড় করেন। মিজানুর রহমান বিলাপ করে বলেন, ‘আমার একমাত্র ছেলে চলে গেল। এখন আমি কী নিয়ে বাঁচব!’ মামুন মা-বাবার সঙ্গে ৬৬ দক্ষিণ মান্ডায় থাকত। মিজানুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। এক ভাই ও এক বোনের মধ্যে মেহেদী ছিল ছোট।