সাইকেলে চলাচলের উপযোগী পরিবেশ সৃষ্টির আহ্বান
প্রতিদিন ৩০ মিনিট (বছরে দুই হাজার ১০০ কিলোমিটার) সাইকেল চালালে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়া যায়। এর ফলে ৫০ ভাগ মুটিয়ে যাওয়া, ৩০ ভাগ উচ্চ রক্তচাপ, ৫০ ভাগ হূদেরাগ ও ৫০ ভাগ ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়। সাইকেল দূষণ ও জ্বালানিমুক্ত বাহনও। চলার জন্য জায়গাও লাগে খুব কম। এ জন্য সাইকেলে চলাচলের উপযোগী পরিবেশ সৃষ্টি করা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জাতীয় সাইক্লিং দিবস ঘোষণা ও সাইকেলে চলাচলের উপযোগী পরিবেশের জন্য আয়োজিত শোভাযাত্রায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, ঢাকা সাইক্লিং ক্লাব, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম বলেন, সাইকেলে চলাচল উপযোগী পরিবেশ আজ সময়ের দাবি। সাইকেল ব্যবহার না করার ফলে নানা রকম স্বাস্থ্য সমস্যা বাড়ছে। ঢাকায় মানুষ হেঁটে ও সাইকেলে যাতায়াত করতে পারে। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, বর্তমানে বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণ অধিক হারে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন। যান্ত্রিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি যার অন্যতম কারণ। এসব যানবাহনের নিয়ন্ত্রিত ব্যবহার দূষণ ও জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ১৮ সেপ্টেম্বর ‘জাতীয় সাইক্লিং দিবস’ ঘোষণার দাবি জানানো হয়। অনুষ্ঠানে শহরের সর্বত্র সাইকেলে চলাচলের জন্য নেটওয়ার্ক তৈরি করা, আলাদা লেন তৈরি, রাখার ব্যবস্থা করা ও কর কমানোর দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।