ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ‘সাইফউদ্দিন আহমেদ মানিক স্মারক বৃত্তি তহবিল’ নামে একটি ট্রাস্ট তহবিল গঠন করা হয়েছে। গতকাল শনিবার এই তহবিলের জন্য পাঁচ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।মানিকের সহধর্মিণী ফওজিয়া মোসলেম উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমানের হাতে ওই চেক তুলে দেন। এ সময় সেখানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদউদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন শওকত আরা হোসেন, প্রয়াত সাইফউদ্দিন আহমেদ মানিকের ভাই ডা. শফিক উদ্দিন আহমেদ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এই ট্রাস্ট তহবিলের আয় থেকে প্রতিবছর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চারজন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।প্রসঙ্গত, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিক ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।