‘দেশের নাট্যচর্চায় নতুন ধারা সংযোজন করেছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমদ। তাঁর মতো আলোকিত নাট্যজন দেশে খুব কমই জন্ম নিয়েছেন। অসামান্য মেধা দিয়ে তিনি আমাদের নাটককে বিশ্বমানে পৌঁছে দিয়েছেন। বিশ্ব নাটক সম্পর্কে তাঁর জ্ঞান ছিল অগাধ। সেই জ্ঞান তিনি সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন।’ গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত নাগরিক সভায় বক্তারা এ কথা বলেন। সাঈদ আহমদ স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত নাগরিক সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মফিদুল হক, আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী প্রমুখ। অনুষ্ঠানে সাত দিনব্যাপী আয়োজিত পথনাট্য উত্সবের সমাপনী ঘোষণা করা হয়। বক্তারা বলেন, সাঈদ আহমদ আপাদমস্তক সংস্কৃতিমনা ছিলেন। অল্পসময়ের মধ্যে আসর জমাতে পারতেন মনোমুগ্ধকর গল্প আর সুন্দর হাসি দিয়ে।আগামীকাল অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার দেওয়া হবে। শিশু একাডেমীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে বিগত পাঁচ বছরের পুরস্কার একসঙ্গে দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি থাকবেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী ও শিক্ষাবিদ হায়াত্ মামুদ।কমলকুমার স্মরণসভা প্রখ্যাত সাহিত্যিক কমলকুমার মজুমদারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার শুদ্ধস্বর স্মরণসভার আয়োজন করেছে। সভায় শোয়াইব জিবরান রচিত ‘কমলকুমার মজুমদারের উপন্যাসের করণকৌশল’ ও ‘কমলকুমার চরিতম্’ বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে।