জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদী ওয়াজ মাহফিলকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছেন। তিনি ওয়াজ মাহফিলে নারীদের ব্যাপারে যেসব সমালোচনা করেছেন, তা নারী উন্নয়নের পথে গুরুতর বাধা সৃষ্টি করছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কর্মজীবী নারী আয়োজিত এক গবেষণামূলক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ‘যুদ্ধাপরাধী সাঈদীর ওয়াজ ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার। সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে শিরীন আখতার বলেন, গ্রামে-গঞ্জে এই ধরনের ওয়াজ নতুন প্রজন্মের মধ্যে নেতিবাচক চিন্তাধারা তৈরি করছে। সাংসদ হাসানুল হক ইনু বলেন, প্রকৃত অর্থে গণতন্ত্র নিশ্চিত করতে হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। সাংসদ রাশেদ খান মেনন বলেন, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে না পারলে পরিবর্তন আশা করা যাবে না।সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাম্প্রদায়িকতা-জঙ্গীবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়সহ আরও অনেকে বক্তব্য দেন।