সাঈদীর রায় সামনে রেখে শাহবাগে গণজাগরণ মঞ্চ
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, মঞ্চ আশা করে আপিল বিভাগেও সাঈদীর সর্বোচ্চ সাজার রায় বহাল থাকবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় ঘোষণার কথা জানানোর পর আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই মঞ্চের কর্মীরা শাহবাগে জড়ো হতে থাকেন। সোয়া ছয়টার দিকে শাহবাগ থেকে মঞ্চের কর্মীদের একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয় এবং সেখানেই তাঁরা অবস্থান নেন।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, শাহবাগের প্রজন্ম চত্বরে মধ্যরাত পর্যন্ত এই অবস্থান চলবে। রায়ের আগে কাল সকাল আটটা থেকে আবার শাহবাগে অবস্থান নেবেন মঞ্চের কর্মীরা।
মিছিলের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ইমরান এইচ সরকার বলেন, ‘আপিল বিভাগে রাজাকার সাঈদীর সর্বোচ্চ সাজার রায় বহাল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। সাঈদী চিহ্নিত যুদ্ধাপরাধী। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্য কোনো রায় হলে তাতে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না, ন্যায়বিচার ভূলুণ্ঠিত হবে।’