সাঈদীর সাজায় সন্তোষ বিভিন্ন সংগঠনের
জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ সাজা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এই রায়কে জনতার বিজয় বলে উল্লেখ করেন।গণতান্ত্রিক বাম মোর্চার জরুরি বৈঠকে সাঈদীর বিরুদ্ধে রায়কে ‘ন্যায়বিচার এবং জনআকাঙ্ক্ষা ও জনরায়ের প্রতিফলন’ হিসেবে বর্ণনা করা হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু পৃথক বিবৃতিতে সাঈদীর বিরুদ্ধে রায়ে সন্তোষ প্রকাশ করেন।