সাউথ পয়েন্ট স্কুলের ভবনে ফাটল, ছুটি ঘোষণা
প্রতিষ্ঠানের ভবনে ফাটল দেখা দেওয়ায় রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ গতকাল সোমবার আকস্মিকভাবে ছুটি দেওয়া হয়েছে। আগামী ৪ মে বিদ্যালয় আবার খোলা হবে।বিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ ও অভিভাবকেরা জানিয়েছেন, গতকাল সকালে ভবনে ফাটল দেখা যাওয়ার বিষয়টি জানাজানি হলে পুরো প্রতিষ্ঠানেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অভিভাবক তাঁদের সন্তানদের বিদ্যালয় থেকে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কর্তৃপক্ষ বিদ্যালয় ছুটি ঘোষণা করে। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ফাটলের খবর শোনার পর পুলিশ সেখানে গিয়ে দেখতে পায়, ভবনটির ৬, ৭ ও ৮ তলায় ফাটল আছে। এ অবস্থায় রাজউকের অনুমতি ছাড়া ভবনটি ব্যবহার না করার জন্য কর্তৃপক্ষকে বলা হয়। পরে কর্তৃপক্ষ বিদ্যালয় ছুটি ঘোষণা করে। প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, বহুতলবিশিষ্ট এ ভবনে আগে পোশাক কারখানা ছিল। পরে ভাড়া নিয়ে সাউথ পয়েন্ট স্কুল গড়ে তোলা হয়। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ আছে। একাধিকবার অভিযোগও করেছেন অভিভাবকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন অভিভাবক বলেন, এর আগে এ ভবনে কয়েকবার ছোটখাটো আগুন লাগা এবং বিদ্যালয় ছুটি দেওয়ার ঘটনাও ঘটে। জানতে চাইলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হামিদা আলী প্রথম আলোকে বলেন, ‘ভবনের দেয়াল বা স্তম্ভে ফাটল হয়নি। এটা মূলত পলেস্তারার ফাটল। আমরা একজন স্থপতি এনে পরীক্ষা করে এটা জানতে পেরেছি। এ ছাড়া রাজউককে বিষয়টি পরীক্ষা করে দেখতে অনুরোধ করা হয়েছে। আগামী ৪ মে প্রতিষ্ঠান খোলার আগে পরীক্ষা করা যাবে বলে আশা করছি।’