সাক্ষরতা দিবস পালিত হার নিয়ে তথ্যবিভ্রাট
২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের অঙ্গীকারের মধ্যে দিয়ে গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে রাজধানীতে আলোচনা, শোভাযাত্রা ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। অন্যদিকে সাক্ষরতার হার নিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দুই ধরনের তথ্য দেওয়ায় প্রকৃত হার নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া শোভাযাত্রা ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীর। সভায় বক্তারা ২০১৪ সালের মধ্যে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।সাক্ষরতার হার নিয়ে তথ্যবিভ্রাট: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী দেশে সাক্ষরতার হার ৫৩ শতাংশ। গতকাল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ব্যুরোর প্রকাশিত স্মরণিকায় এই তথ্য দেওয়া হয়েছে। স্মরণিকার ১৪ পৃষ্ঠায় নিচের দিকে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘লিটারেসি অ্যাসেসমেন্ট সার্ভে-২০০৮’-এর তথ্য দিয়ে জানানো হয়, সাত বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৫৩ শতাংশ। তবে বয়স্ক (১৫+বয়সী) সাক্ষরতার হার ৪৮ দশমিক ৮ শতাংশ। আগের দিনও সাংবাদিকদের এই তথ্য দেন ব্যুরোর কর্মকর্তারা। কিন্তু গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেন, সাক্ষরতার হার ৫৮ শতাংশ। অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা জানতে চান কীসের ভিত্তিতে এই তথ্য দেওয়া হচ্ছে? জবাবে মন্ত্রী বলেন, জরিপের ভিত্তিতে। মন্ত্রীর এই বক্তব্যের পর সঙ্গে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকাশ্যে কিছু না বললেও বিষয়টি নিয়ে তাঁরা বিব্রতকর অবস্থায় পড়েন।এই অনুষ্ঠান ছাড়াও বিকেলে তেজগাঁওয়ে (মহাখালী বাস টার্মিনালের কাছে) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) উদ্যোগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।বিনা মূল্যে বই বিতরণ: দিবসটি উপলক্ষে এশিয়া ফাউন্ডেশন ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ের তিন হাজার বই বিনা মূল্যে বিতরণ করেছে। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে রাজধানীর বারিধারায় অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয়ে ‘বুকস ফর এশিয়া’ কর্মসূচির আওতায় এই বই বিতরণ করেন ফাউন্ডেশনের দেশীয় প্রতিনিধি হাসান মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, অধ্যক্ষ জিএম জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠানে বই বিতরণের পাশাপাশি সাক্ষরতা দিবসে একটি নাটিকা উপস্থাপন করে জামগড়া হোপ স্কুলের সুবিধাবঞ্চিত একদল শিক্ষার্থী।সংশোধনী: গতকাল সাক্ষরতা নিয়ে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত প্রতিবেদনে নিরক্ষরতা দূরীকরণে পরিচালিত দুটি প্রকল্পের মধ্যে একটির নাম লেখা হয়েছে ‘মৌলিক সাক্ষরতা ও অব্যাহত শিক্ষা প্রকল্প’। মূলত এটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যে দুটি প্রকল্প পরিচালিত হচ্ছে সেগুলো হলো মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২ ও শহরের কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্প (২য় পর্যায়)।