আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম আগামী ১০ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন। এর আগে ১ অক্টোবর একই কারণে আদালত ১ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছিলেন। ৩ সেপ্টেম্বর তাজরীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন পোশাক শ্রমিক মারা যান। আহত হন ১০৪ জন শ্রমিক। ২০১৩ সালের ২ ডিসেম্বর অভিযোগপত্র দেয় সিআইডি।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রতিষ্ঠানের প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, ইনচার্জ আনিসুর রহমান, স্টোর ইনচার্জ আল-আমিন, কারখানা ম্যানেজার আবদুর রাজ্জাক, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু, কোয়ালিটি ম্যানেজার শহিদুজ্জামান, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল ও লোডার শামীম মিয়া। এঁদের মধ্যে শেষের চারজন পলাতক আছেন। গতকাল প্রকৌশলী মাহবুবুল মোর্শেদ আত্মসমর্পণ করে জামিন নেন। বাকিরা জামিনে আছেন।