সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় ১৩ ডিসেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এই তারিখ ধার্য করেন।গতকাল এ মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। আসামিরা আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। তবে কোনো আসামিই নির্দোষ প্রমাণ করতে নিজেদের পক্ষে সাফাই সাক্ষী উপস্থাপন করেননি।কারাগারে আটক চার আসামি সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলামকে গতকাল আদালতে হাজির করা হয়। এ ছাড়া আসামি সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।এ মামলায় রাষ্ট্রপক্ষ ৩৩ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন। ৬ ডিসেম্বর সাক্ষ্য-জেরা শেষ হয়। গতকাল ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য দিন ধার্য ছিল। গত ৩১ অক্টোবর এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালত ১২ কার্যদিবসে সাক্ষ্য কার্যক্রম শেষ করেন।রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৩ ডিসেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হলে আদালত রায়ের তারিখ ধার্য করবেন।গত ৫ মার্চ রাত একটার দিকে গুলশানের কূটনীতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২৪ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।