ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল সোমবার আরও একজন বিচারক সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ তাঁর সাক্ষ্য গ্রহণ করেন।
গতকাল সাক্ষ্য দেওয়া বিচারক হলেন ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান। তিনি এই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সাদমান ইয়াছির মাহমুদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছিলেন। সাক্ষ্যে শাহরিয়ার মাহমুদ বলেন, ২০১৩ সালের ২০ আগস্ট আসামি সাদমান ইয়াছির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাদমান ইয়াছিরের জবানবন্দি গ্রহণের আগে জবানবন্দি দেবেন কি না, এ জন্য তাঁকে চিন্তাভাবনা করতে তিনি সময় দেন। তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় আইনের বিধান অনুসরণ করে তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি দেওয়া শেষ হলে আসামির স্বাক্ষর নেন।
সাক্ষ্য শেষে এই সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন। এই মামলার ৫৫ জন সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ২৬ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
আসামি সাদমান ইয়াছির নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানার কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিমউদ্দীন পল্লবী থানায় এই হত্যা মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি এই মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী, সাদমান ইয়াছিরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
অভিযোগপত্রভুক্ত অন্য ছয়জন হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ ও রেদোয়ানুল আজাদ। এঁদের মধ্যে রেদোয়ানুল আজাদ পলাতক।
এই মামলায় কারাগারে আটক আসামিদের গতকাল আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের আবার কারাগারে পাঠিয়ে দেন আদালত।