সাক্ষ্য দিলেন আরও তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় গতকাল রোববার আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন তাঁদের সাক্ষ্য নেন। আদালত ৬ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।গতকাল সাক্ষ্য দেন মামলার রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু কাওসার এবং জব্দ তালিকার সাক্ষী পুলিশ কনস্টেবল বাসেদ ও শফিউজ্জামান। এ নিয়ে এ মামলায় চারজন সাক্ষ্য দিলেন।আদালত গত বুধবার দণ্ডবিধির ৩৯৬ ধারায় এ মামলায় পাঁচজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বৃহস্পতিবার সাক্ষ্য দেন মামলার বাদী গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন।অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন সাইফুল ইসলাম, আল আমিন, আকবর আলী, রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী। এঁদের মধ্যে সেলিম চৌধুরী পলাতক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানার আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। কারাগারে আটক থাকা বাকি চার আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়।গত ৪ জুন দক্ষিণখান থানার উত্তর গাওয়াইর থেকে সাইফুল, আল আমিন ও আকবর আলীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে জার্মানিতে তৈরি একটি রিভলবার উদ্ধার করা হয়। ১২ জুন রফিকুলকে গ্রেপ্তার করা হয়। ২৫ জুলাই তাঁদের খালাফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় ডিবি পুলিশ। পরে আল আমিন ও আকবর আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।৫ মার্চ দিবাগত রাত একটার দিকে গুলশানের কূটনৈতিক এলাকায় নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ৭ মার্চ গুলশান থানার এসআই মোশারফ হোসেন এ বিষয়ে হত্যা মামলা করেন। ২০ সেপ্টেম্বর এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। ২৪ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। পরে মামলাটির বিচারকাজ নিষ্পত্তির জন্য তা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।