দেশের বিভিন্ন গণ-মাধ্যমের সম্পাদক-সহ সাংবাদিক নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ও সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকসহ সাংবাদিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) যৌথ আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেন তাঁরা।বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সোলাইমান সালমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদ জসীম রেজা, বিশ্ববিদ্যালয় গণসংযোগ দপ্তরের উপপরিচালক সৈয়দ ফারুক হোসেন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের মধ্যে সাদেকুল ইসলাম, অলিউল্লাহ খান, এম মামুন হোসেন প্রমুখ।