সাজানো পার্ক, সবুজ মাঠ এখন স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুবাগ মাঠের বর্তমান অবস্থা। দীর্ঘদিন ধরে মাঠজুড়ে ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এগুলো আনা-নেওয়ার জন্য ভারী ট্রাক ব্যবহার করার কারণে মাঠে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে l প্রথম আলো
মধুবাগ মাঠের বর্তমান অবস্থা। দীর্ঘদিন ধরে মাঠজুড়ে ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এগুলো আনা-নেওয়ার জন্য ভারী ট্রাক ব্যবহার করার কারণে মাঠে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে l প্রথম আলো

কথাগুলো অনেকটা গল্পের মতোই শোনাল। মনে হলো সে অনেক কাল আগের কথা। অথচ মাত্র দুই বছরে বদলে গেছে সবকিছু। গাছগাছালিতে ভরা একমাত্র পার্কটির একাংশ চলে গেছে ভাগাড়ের দখলে। আর উন্নয়নকাজের অব্যবস্থাপনার মাশুল দিচ্ছে একসময়ের সবুজ ঘাসে মোড়া বিস্তীর্ণ মাঠটি। চারপাশের কংক্রিটের জঙ্গলের মধ্যে এখন পার্কে গিয়ে একটু বুক ভরে নিশ্বাস নেওয়ার উপায় নেই। জল-কাদায় ভরা মাঠে এখন কেবলই শিশু-কিশোরদের দীর্ঘশ্বাসে মোড়ানো স্মৃতির বাতাস।

গতকাল রোববার কথা হচ্ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে। নাগরিক জীবনের আর দশটা সংকট, সমস্যা ছাপিয়ে তাঁদের বেশির ভাগের কণ্ঠে ছিল নয়াটোলা শিশুপার্ক আর মধুবাগ মাঠ হারানোর আক্ষেপ। পার্ক ও মাঠ আছে ঠিকই, কিন্তু এগুলোর কোনোটিই তাঁদের আর কাজে আসে না। কবে এগুলো সংস্কার হবে, কবে তাঁরা কিংবা তাঁদের সন্তানেরা এই পার্ক কিংবা মাঠ আবার বুঝে পাবে নিজেদের মতো করে, সে ব্যাপারেও নিশ্চিত নন কেউ। তাই বাসিন্দাদের কথায় হারানোর আক্ষেপের সঙ্গে এগুলো আগের পরিবেশে ফিরে না পাওয়ার উদ্বেগও ছিল।

ডিএনসিসির ৩৬ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত এলাকাগুলো হচ্ছে মালিবাগ বাগানবাড়ী, ডিআইটি রোডের পশ্চিমাংশ, সোনালীবাগ, গ্রিনওয়ে গলির পূর্ব পাশ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি, উত্তর ও দক্ষিণ নয়াটোলা, মীরবাগ ও মীরেরটেক।

নয়াটোলা পার্কে এসটিএস চাননি বাসিন্দারা

পাশাপাশি দুটি ওয়ার্ডের একমাত্র পার্ক এটি। কয়েক বছর আগে পার্ক-সংলগ্ন একটি সড়কে রাখা বর্জ্যের কনটেইনার সরানোর জন্য এলাকাবাসী সিটি করপোরেশনে আবেদন করে। এরপর অনেক গাছ কেটে পার্কের একাংশে কনটেইনারটি রাখার উদ্যোগ নেয় সংস্থাটি। আর বছরখানেক আগে এলাকাবাসীর বিরোধিতা সত্ত্বেও সেখানে নির্মাণ করা হয় একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)।

গতকাল দেখা যায়, পার্কের মূল প্রবেশপথের বাঁ পাশে নির্মিত এই এসটিএসে বাসাবাড়ী থেকে সংগ্রহ করে আনা ময়লা বাছাইয়ের কাজ চলছে। বাতাসে দুর্গন্ধ। ডান পাশে পার্কের সীমানাপ্রাচীর ঘেঁষে গড়ে উঠেছে একটি রিকশা সারাইয়ের দোকান। ভেতরে দাঁড়িয়ে আছে অন্তত চারটি প্রাইভেট গাড়ি। যার মধ্যে সিটি করপোরেশনের স্টিকার লাগানো একটি গাড়িও আছে। পার্কের একেবারে মাঝ বরাবর অনেকখানি জায়গাজুড়ে বৃষ্টির পানি জমে আছে। এসটিএসের পেছনের অংশে মেহগনিগাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সিটি করপোরেশনের ময়লা সংগ্রহের হাতে টানা সাতটি গাড়ি। এর মধ্যেই একচিলতে শুকনো জায়গায় লাটিম খেলছে কয়েকটি কিশোর। এটা যে একটা শিশুপার্ক, তার চিহ্ন বহন করছে কেবল একটি ভাঙা দোলনার স্ট্যান্ড আর একটি ক্লাইম্বিং স্টেপ।

এলাকার বাসিন্দা মমিনুল হক বলেন, ‘আগে মুরব্বিরা এইখানে সকালে হাঁটত। পোলাইপাইন একটু খেলার জায়গা পাইত। অনেক গাছ ছিল। রাত্রে লোডশেডিংয়ের সময় বাতাস খাইতেও আসত অনেক মানুষ। চোখের সামনে কেমনে সবকিছু বদলায়া গেল!’

মীরেরটেকের বাসিন্দা আনোয়ার হোসেনের ভাষ্য, ‘বর্জ্য ব্যবস্থাপনার একটা সমাধান হোক সেটা এলাকার সবার কাম্য ছিল। তাই বলে যে এটা গোটা একটা পার্ক ধ্বংস করে করতে হবে, তার কোনো যৌক্তিকতা আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি।’

উন্নয়নকাজে ‘অব্যবস্থাপনার’ মাশুল দিচ্ছে মধুবাগ মাঠ

দুই বছর ধরে মাঠের এক পাশে চলছে চারতলা কমিউনিটি সেন্টার নির্মাণের কাজ। তখন থেকেই এই বড় মাঠটিতে সব ধরনের খেলাধুলা বন্ধ। মধুবাগসহ আশপাশের এলাকার বাসিন্দারা বলছেন, গত এক দশকে মাঠের একটা বড় অংশ দখলে চলে যাওয়ার পরও আশপাশের এলাকার মধ্য সবচেয়ে বড় ও সুন্দর মাঠ ছিল এটি।

গতকাল দেখা যায়, মাঠজুড়ে ইট-বালু-রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রাখা। পশ্চিম কোনার গোলবারটি ভাঙা। মাঝে জল-কাদার সমুদ্র। পশ্চিম পাশে মাঠের ওপরেই নির্মাণ করা হয়েছে কমিউনিটি সেন্টার নির্মাণের সাইট অফিস। এর মধ্যে মাঠের উত্তর-পূর্ব কোনে দাঁড় করিয়ে রাখা দুটি ট্রাকের আড়ালে বসে মুঠোফোনে গেম খেলছে চার কিশোর। তারা প্রত্যেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। এর মধ্য প্রতীক বর্ধন নামের এক শিক্ষার্থী বলল, ‘দিনের পর দিন এলাকায় কোনো খেলাধুলা নেই।’

মধুবাগ এলাকার বাসিন্দা মনোয়ারুল ইসলাম বেশ ক্ষোভের সঙ্গে বলেন, কমিউনিটি সেন্টারটি নির্মাণের ক্ষেত্রে ন্যূনতম ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলেও আজ মাঠটির এই অবস্থা দাঁড়ায় না। এত সুন্দর একটা মাঠ স্রেফ অব্যবস্থাপনা আর নির্মাণ প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতার জন্য নষ্ট হয়ে গেল। আর এর মূল্য দিতে হচ্ছে এলাকার সবাইকে।

এসব বিষয়ে কথা বলার জন্য গতকাল দুপুরে যোগাযোগ করা হয় ওয়ার্ড কাউন্সিলর তৈমুর রেজার সঙ্গে। প্রথমে নয়াটোলা শিশুপার্ক-সংলগ্ন কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সন্ধ্যার পর কথা বলবেন বলে জানান। কিন্তু সন্ধ্যায় অন্তত পাঁচবার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।