সাজাপ্রাপ্ত ব্যবসায়ী সিরাজুল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক ব্যবসায়ী সিরাজুল হককে গত রোববার সন্ধ্যায় ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার তাঁকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়।সিরাজুল হকের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, এনসিসি ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে। চেক প্রতারণার একটি মামলার আইনজীবী তাপস কুমার দত্ত প্রথম আলোকে জানান, এর আগে সিরাজুল হককে পৃথক তিনটি মামলায় দুই বছর পাঁচ মাসের কারাদণ্ড এবং প্রায় দেড় কোটি টাকা জরিমানা করেন আদালত। তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। তিনি জানান, এসব রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক রয়েছেন।২০০৬ সালের ১৩ ডিসেম্বর সিরাজুল হক তাঁর দলবল নিয়ে সিদ্ধিরগঞ্জের অ্যাপোলো ইস্পাত কারখানা থেকে এক হাজার ২০০ টন ঢেউটিন চুরি করেন বলে অভিযোগ তুলে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। ওই মামলাটিও বিচারাধীন। সিরাজুল হক হক স্টিল কমপ্লেক্স লিমিটেড, হক স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, এস কে পাওয়ার প্লান্ট লিমিটেড, এস কে সিমেন্ট লিমিটেডসহ কয়েকটি প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেন।