সাত কারখানাকে ৯৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা ও সাভার এলাকার সাতটি কারখানাকে প্রায় ৯৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি ডাইং ও তিনটি ওয়াশিং কারখানাকে ৮৮ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া মাতুয়াইলে নকল মশার কয়েল, ডিটারজেন্ট পাউডার ও কাপড় কাচার সাবান তৈরির অপরাধে তিনটি কারখানাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশের ক্ষতি করার অপরাধে গতকাল বৃহস্পতিবার সাভারের ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, ডাইনেস্টি সোয়েটার (বিডি) লিমিটেড, মিলেনিয়াম সোয়েটার লিমিটেড ও রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নিউ বেঙ্গল ওয়াশিং প্ল্যান্টের মালিক-প্রতিনিধিদের পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে শুনানির জন্য ডাকা হয়। শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান তাঁদের ৮৮ লাখ টাকা জরিমানা করেন।
পরিবেশগত ছাড়পত্র না নেওয়া এবং ইটিপি নির্মাণ ছাড়া ক্রিস্টাল কম্পোজিট, ডাইনেস্টি সোয়েটার, মিলেনিয়াম সোয়েটার ও নিউ বেঙ্গল ওয়াশিং প্ল্যান্টের বিরুদ্ধে কারখানা স্থাপনের অভিযোগ আনে পরিবেশ অধিদপ্তর। এসব কারখানা থেকে অপরিশোধিত তরল বর্জ্য নির্গত করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার প্রমাণ পায় সংস্থাটি।
পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ক্রিস্টাল কম্পোজিটকে ৫১ লাখ টাকা, ডাইনেস্টি সোয়েটার, মিলেনিয়াম সোয়েটারকে মোট ১২ লাখ টাকা ও নিউ বেঙ্গল ওয়াশিং প্ল্যান্টকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে গতকাল মাতুয়াইলের রায়েরবাগ এলাকার শান্তা কেমিক্যাল কোম্পানি, জামিল কনজ্যুমার লিমিটেড ও ন্যাশনাল কনজ্যুমার প্রোডাক্টস নামে তিনটি কারখানাকে জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে নামীদামি কোম্পানির লোগো ব্যবহার করে মশার কয়েল তৈরি করত শান্তা কেমিক্যাল কোম্পানি। মালিক কবির হোসেন ও সুপারভাইজার মুক্তার হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের অনুমতি ছাড়া ভেজাল উপাদান দিয়ে ডিটারজেন্ট পাউডার তৈরি ও নকল লোগো ব্যবহার করে বিক্রি করছিল জামিল কনজ্যুমার লিমিটেড। প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলাম ও ব্যবস্থাপক মো. নজরুলকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
অনুমোদনহীন লোগো ব্যবহার করে কাপড় কাচার সাবান তৈরির কারণে ন্যাশনাল কনজ্যুমার প্রোডাক্টের মালিক মোয়াজ্জেম হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।