সাত জঙ্গির ব্যাংক হিসাব তলব
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ ও শোলাকিয়ায় ঈদের জামাতে হামলাকারী সাত জঙ্গির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল সোমবার দুপুরে ব্যাংকগুলোর কাছে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী তিন দিনের মধ্যে এসব জঙ্গির ব্যাংক হিসাবে যাবতীয় তথ্য কেন্দ্রীয় ব্যাংকের এ ইউনিটে পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি বা তাদের স্বার্থসংশ্লিষ্ট কোনো কোনো হিসাব বর্তমানে বা অতীতে থাকলে এসব হিসাবের যাবতীয় তথ্য পাঠাতে হবে। তাদের হিসাব খোলার আবেদন ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম ও শুরু থেকে হালনাগাদ বিবরণী চাওয়া হয়েছে।
হিসাব তলব করা হয়েছে এমন সাত জঙ্গি হলেন শোলাকিয়ায় নিহত আবীর রহমান ও আল মুকাদিন শফিউল ইসলাম ওরফে সূর্য। এ ছাড়া গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলাকারী রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম ওরফে পায়েল ওরফে বাঁধন ও শফিকুল ইসলাম উজ্জ্বল।