সাত দফা দাবিতে সাত সংগঠনের বিক্ষোভ
বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাস্তবায়ন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ধারার সাতটি ছাত্রসংগঠন। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ হয়।ছাত্র সংগঠনগুলোর অন্যান্য দাবি হচ্ছে, সংবিধানে ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম’সহ অবৈধ সামরিক শাসকের প্রবর্তিত সাম্প্রদায়িক বিধানগুলো বাতিল, জামায়াত-শিবিরসহ সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সাংবিধানিক নিশ্চয়তা বিধান, অবিলম্ব্বে যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ করা। আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিংয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাবেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ তফসীর, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্রবিষয়ক সম্পাদক বিধায়ক চাকমা প্রমুখ।