সাত দিন ধরে মর্গে পড়ে আছে এক নারীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাত দিন ধরে পড়ে আছে শিরিন আক্তার নামের এক নারীর লাশ। ২ মে রাজধানীর মান্ডায় দানবের গলির একটি বাসা থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। গতকাল শনিবার পর্যন্ত পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন বা এতে জড়িত কাউকে আটক করতে পারেনি।এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা প্রতিবেশী ও বিভিন্ন প্রতিষ্ঠানে শিরিনের ছবি দেখিয়েছেন। বিভিন্ন পত্রপত্রিকা ও টিভি চ্যানেলেও ছবি প্রচারের ব্যবস্থা করেছেন। কিন্তু এখনো তাঁর খোঁজে কেউ থানা বা মর্গে যোগাযোগ করেনি।পুলিশ জানায়, নিহত নারীর নাম আসলেই শিরিন কি না, তা নিয়েও তারা নিশ্চিত নয়। তাঁর প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁর কথিত স্বামী আতিকুর রহমান তাঁকে কখনো শিরিন, কখনো মুক্তা আবার কখনো নীলা নামে ডাকতেন। মান্ডার ওই বাসাটি তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নিয়েছিলেন। ওই বাসায় আতিক বা তাঁর কোনো আত্মীয়স্বজনের ছবি বা ঠিকানা পাওয়া যায়নি। এসব কারণে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশকে বেগ পেতে হচ্ছে।ওই বাড়ির মালিক আফরোজা পারভিন জানান, দুই মাস আগে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে শিরিন আক্তার ও আতিক তাঁর বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। আতিক নিজেকে পেশায় রংমিস্ত্রি ও বাড়ি ঢাকার ধামরাইয়ে বলে জানিয়েছিলেন। পরে তিনি জেনেছেন, শিরিনের বাড়ি বরিশালে। বাড়ি ভাড়ার বিষয়ে কোনো চুক্তি হয়নি।জানা যায়, প্রতিবেশীদের সঙ্গে শিরিন বা আতিকের কোনো যোগাযোগ ছিল না। তাঁরা দরজা বন্ধ করে সারাক্ষণ ঘরেই থাকতেন। দুজনের কেউ একা ঘরে খুব কম সময়ের জন্যই থাকতেন। তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদও শোনা যায়নি।আফরোজা পারভিন জানান, ২৫ এপ্রিল আতিক জানিয়েছিলেন, জুনের মধ্যে তাঁরা বাসা ছেড়ে দেবেন। এরপর ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ওই ঘরটি তালাবদ্ধ ছিল। ২ মে ওই ঘর থেকে শিরিনের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ২৯ এপ্রিল থেকে ২ মের মধ্যে কোনো এক সময়ে শিরিনকে হত্যা করে লাশ বস্তাবন্দী করা হয়। লাশ উদ্ধারের পর শিরিন বা আতিকের খোঁজে কেউ ওই বাড়িতে আসেনি।এই হত্যাকাণ্ডের ঘটনায় আফরোজা পারভিন বাদী হয়ে সবুজবাগ থানায় হত্যা মামলা করেন।