সাত দিন পর অপহূত ব্যবসায়ী উদ্ধার
রাজধানীতে অপহরণের সাত দিন পর ব্যবসায়ী লাবলু মাতব্বর (৩০) ও তাঁর কর্মচারী আবদুল হান্নানকে (২১) উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার বিকেলে মতিঝিল এলাকার একটি ঘর থেকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্র জানায়, গতকাল বিকেলে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহবুব আলমের নেতৃত্বে ডিবির একটি দল এ অপহরণ মামলার এক আসামি শাওনকে নগরের কমলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এডিসি মাহবুব আলম প্রথম আলোকে জানান, শাওনের স্বীকারোক্তির ভিত্তিতে মতিঝিলের স্বাধীন পাঠাগার থেকে অপহরণকারী চক্রের নেতা আবদুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। হাকিমের তথ্যের ভিত্তিতে মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয় তৈরি পোশাক ব্যবসায়ী লাবলু ও তাঁর কর্মচারী হান্নানকে। তাঁদের মুখে স্কচটেপ লাগিয়ে ও হাত-পা দড়ি দিয়ে বেঁধে ওই ঘরে আটকে রাখা হয়। ওই ঘর থেকে অপহরণকারী চক্রের আরও তিন সদস্য বাবু (২২), রকি (২০) ও শাহাদাতকে (২৩) গ্রেপ্তার করা হয়। অভিযানে থাকা ডিবির সহকারী কমিশনার (এসি) ছানোয়ার হোসেন বলেন, লাবলু মাতব্বর ও তাঁর কর্মচারী হান্নানকে দুর্বৃত্তরা গত রোববার অপহরণ করে। অপহরণকারীরা লাবলুর স্ত্রী মহিম আক্তারের কাছে মোবাইল ফোনে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দেওয়া না হলে লাবলুকে হত্যার হুমকি দেওয়া হয়। গতকাল বিকেল পাঁচটা ছিল মুক্তিপণের টাকা দেওয়ার শেষ সময়। ডিবি কৌশল খাটিয়ে অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। ডিবি কর্মকর্তারা জানান, অপহরণকারী আবদুল হাকিম মাদারীপুর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। শাওন বরিশালের চিহ্নিত সন্ত্রাসী।