সাত দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরমালিন মিশিয়ে মাছ ও আম বিক্রি করায় গতকাল শনিবার রাজধানীর সাত দোকানকে ৩৬ হাজার টাকার জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ সময় ১০ কেজি মাছ ও ৪০ কেজি আম ধ্বংস করা হয়। পলাশীবাজার, লালবাগ কেল্লার মোড় কাঁচাবাজার এবং আজিমপুর এতিমখানা বাজার এলাকায় এ ভেজালবিরোধী অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ সালের নিয়ম লঙ্ঘন করায় এ সাত দোকানকে জরিমানা করেন তিনি। এ দোকানগুলোর মধ্যে আক্তার হোসেনের মাছের দোকানকে তিন হাজার টাকা, মোর্শেদ আলমের ফলের দোকানকে তিন হাজার টাকা, আবদুর রহিমের ফলের দোকানকে তিন হাজার টাকা, হিমালয় ফার্মেসিকে ১০ হাজার টাকা, নাফিসা মেডিসিন কর্নারকে আট হাজার টাকা, শরীয়তপুর স্টোরকে এক হাজার টাকা এবং মোহাম্মদ আলী স্টোরকে আট হাজার টাকা জরিমানা করা হয়। রাজধানীর এসব দোকানে অভিযানের সময় বিএসটিআইয়ের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।