সাত প্রতিষ্ঠানকে এক লাখ ১৭ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উ ৎ পাদন, অননুমোদিত পণ্য বিক্রি এবং পণ্যের মোড়কের গায়ে খুচরা মূল্য লেখা না থাকায় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর সাতটি প্রতিষ্ঠানকে এক লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছেন।পণ্যের মাননিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করে।বিএসটিআই সূত্র জানায়, বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত গতকাল নিমতলীর জালাল বেকারিতে অভিযান চালান। এই প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট ও কেক তৈরি করায় আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করা হয়। একই ভ্রাম্যমাণ আদালত পরে বায়তুল মোকাররম মার্কেটের গ্রামীণ ফুড প্রডাক্টস এবং অলিম্পিয়া বেকারি ও কনফেকশনারিতে অভিযান চালান। এ দুটি দোকানে অনুমোদনহীন লাচ্ছা সেমাই বিক্রি করায় এবং মোড়কে খুচরা মূল্য লেখা না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্র জানায়, অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত শাহজাদপুর বাজারের ফেনী জেনারেল স্টোর, ভান্ডারী স্টোর, তন্ময় স্টোর ও আলী বাবা সুইটসে অভিযান চালান। এসব দোকানে স্টার শিপ ও ড্যানিশ কনডেন্সড মিল্ক, উ ৎ সব ব্র্যান্ডের চাল ও আলী বাবা গাওয়া ঘিয়ের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল না। আদালত এসব দোকানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেন।