সাত প্রতিষ্ঠানকে এক লাখ ৯১ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে গতকাল সোমবার ঢাকার সাতটি প্রতিষ্ঠানকে এক লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের উপপরিচালক আবুল হাশেমের নেতৃত্বে শান্তিনগর ও বেইলি রোডে অভিযান চালানো হয়। এতে আমিন স্টোরকে এক হাজার, সহিদ জেনারেল স্টোরকে পাঁচ হাজার, সিলেট আমান স্টোরকে ২০ হাজার টাকা, ঢাকা স্বাদ রেস্তোরাঁকে ৩০ হাজার, আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার, কেএফসিকে ৮০ হাজার এবং থার্টি থ্রিকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে মৎস্য অধিদপ্তর, র্যা ব, ক্যাব, ডিএমপি, স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা ও পুলিশ প্রশাসন সহায়তা করে।এ ছাড়া গতকাল বিএসটিআই, জেলা প্রশাসন ও ডিএমপির উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো ৩০/১ ওয়ারীর সুফিয়ানা ও বিগ বাজার শপিং কমপ্লেক্স। সুফিয়ানার বিরুদ্ধে বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে বিষাক্ত রং ও রাসায়নিক মিশিয়ে ললি ও চকবার নামের আইসক্রিম উৎপাদনের অভিযোগ আনা হয়েছে। আর বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন না করে খাবার পানি বোতলজাত করার অভিযোগ আনা হয়েছে বিগ বাজার শপিং কমপ্লেক্সের বিরুদ্ধে।