সাত প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত রাজধানীর সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গত দুই দিনে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন। রোববার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে একটি দল রাজধানীর ডেমরার কাজিরগাঁও এলাকার বনফুল অ্যান্ড কোম্পানি নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে সরষের তেল তৈরি ও বিতরণ এবং তেলের বোতলে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের প্রমাণ পান আদালত। আদালত এ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেন। পরে একই আদালত মাতুয়াইলের দিলস্বাদ ফুডস নামক একটি বেকারিতে অভিযান চালান। ওই বেকারিটি অনেক আগেই বিক্রি হয়ে গেছে। কিন্তু বর্তমান মালিক আগের নামেই পাউরুটি, বিস্কুট ও কেক তৈরি ও বাজারজাত করে আসছিল। এ ছাড়া তৈরি পণ্যে নিষিদ্ধ সেকারিন ব্যবহারের প্রমাণ পান আদালত। এ দুটি অপরাধে আদালত এ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন। একই আদালত সকালে রাজধানীর ১৫৩৫ পূর্ব জুরাইনে দেশ কেব্ল নামক একটি তার (কেব্ল) তৈরি প্রতিষ্ঠানে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে পিভিসি তার বাজারজাত করায় আদালত এ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে। এদিকে গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার ফখরুজ্জামানের নেতৃত্বে একটি দল রাজধানীর কামরাঙ্গীর চর এলাকার চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেন। আদালত মদিনা বেকারিতে অভিযান চালিয়ে রুটি তৈরিতে সেকারিন ব্যবহারের প্রমাণ পান। এতে আদালত ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত জমজম বেকারিতে অভিযান চালান। ওই বেকারিতে মানসম্পন্ন মোড়ক ব্যবহার না পাওয়ায় আদালত ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত জাহিদ বেকারিতে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে বিস্কুট ও রুটি তৈরি এবং বাজারজাত করায় আদালত ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত একই এলাকার বাজ ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে মেয়াদোত্তীর্ণ ময়দা ব্যবহার করে সেমাই তৈরির প্রমাণ পান আদালত। আদালত এ প্রতিষ্ঠানকেও ২০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহায়তা করেন বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা কাউছার আহমেদ খান ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।