সাত প্রতিষ্ঠানকে জরিমানা
রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সাতটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কের জরিমানা করেছেন।ঢাকা সিটি করপোরেশনের আদালত জিলাপি ভাজায় পোড়া মবিল ব্যবহার করার দায়ে লালবাগের রয়েল হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জানা গেছে, ওই হোটেল থেকে প্রায় ২০ লিটার পোড়া মবিল উদ্ধার করা হয়, যা জিলাপি ভাজার তেলের সঙ্গে মেশানো হতো। আদালতের নির্দেশে ওই তেল পাশের নর্দমায় ফেলে দেওয়া হয়েছে।একই আদালত পাশের হূদয় কনফেকশনারিতে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ওই প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ওই আদালত আজিমপুরের এক মাছ বিক্রেতাকে ওজনে কম দেওয়ার দায়ে ৫০০ টাকা জরিমানা করেন। এই আদালত পরিচালনা করেন ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ। এ সময় ঢাকা সিটি করপোরেশনের খাদ্য কর্মকর্তা ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত থেকে আদালতকে সহায়তা করে।এদিকে বিএসটিআই পরিচালিত আদালত বঙ্গবন্ধু এভিনিউ ও ওয়ারী এলাকায় অভিযান চালান। বঙ্গবন্ধু এভিনিউর হাজি সুইটসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন দই বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে রাজধানী হোটেলে অভিযান চালিয়ে ঢাকনা ছাড়াই ইফতারসামগ্রী রাখার অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই আদালত খান ই স্ন্যাকস নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার অপরাধে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অপর একটি আদালত ওয়ারীর শাহ স্ট্রিটে অলিম্পিয়া বেকারিতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন দই বিক্রির দায়ে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই আদালত ওয়ারীর র্যাঙ্কিন স্ট্রিটে বিগ বাজার ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন শ্যাম্পু, হেয়ার অয়েল, টুথপেস্ট ও জুস বিক্রির দায়ে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করেন।