সাত হাজার মিটার উঁচু 'লাকপা রি' পর্বত অভিযানে বাংলাদেশ

এভারেস্টের পাশেই সাত হাজার মিটার উঁচু ‘লাকপা রি’ পর্বত অভিযানে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের তিন সদস্যের একটি দল এ অভিযানে যাচ্ছে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে যাত্রা উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ অতিথির বক্তব্যে বলেন, ‘আমি নিশ্চিত এঁরা খুবই যোগ্যতার সঙ্গেই আমাদের আরেকবার আনন্দিত করবে, উৎসাহিত করবে।’ এ ছাড়া সুস্বাস্থ্যের ব্যাপারেও নজর দিতে বলেন। তিনি তরুণদের জীবনে প্রবীণদের ভূমিকা নিয়ে বলেন, প্রবীণ যদি খারাপ হয় তাহলে তরুণদের জন্য বিপদ। এ দেশে সে উদাহরণ অনেক।
অনুষ্ঠানের আরেক অতিথি অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, পর্বতারোহণ নিছক কোনো শখের বিষয় নয়। এর সঙ্গে অধ্যবসায়, পরিশ্রম, ও সাধনা যুক্ত।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের তিন সদস্য এম এ মুহিত, বাহলুল মজনু ও শায়লা পারভীন আগামী ২৯ এপ্রিল অভিযানের জন্য নেপালের উদ্দেশ্যে যাত্রা করবেন। দলনেতা এভারেস্টজয়ী এম এ মুহিত বলেন, তিব্বতের সীমান্ত ক্যারুং থেকে থেকে তাঁরা ‘লাকপা রি’র জন্য অভিযান শুরু করবেন। তিনি আশা করছেন, এক মাসের মধ্যেই এ অভিযান শেষ হবে।
অতিথিরা এই তিন অভিযাত্রীর হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন। অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আরলা ফুডস বাংলাদেশের ডিজিএম আহমেদ কবির, এমকে এন্টারপ্রাইজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুনতাসীর করীম এবং প্যারাগন এগ্রো লি. এর চিফ অপারেটিং অফিসার মোল্লা মামুন মনোয়ার।