সাতক্ষীরায় জামায়াত-শিবিরের দুই কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পাওখালীতে আজ মঙ্গলবার সকালে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে জামায়াত-শিবিরের দুই কর্মী নিহত ও তিনজন আহত হন। জামায়াত-শিবিরের হামলায় পুলিশের নয়জন সদস্য আহত হয়েছেন।নিহত দুজন হলেন রুহুল আমিন গাজী (৩৫) ও আরিফুজ্জামান (১৫)। রুহুল জামায়াতের কর্মী। কালীগঞ্জ উপজেলার রঘুরামপুর গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে তিনি। বাজার গ্রামের আফতাবউদ্দিনের ছেলে আরিফুজ্জামান ছাত্রশিবিরের সাথী।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর ছয়টার দিকে পাওখালীতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ২০-২৫ মিনিট ধরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।সাতক্ষীরার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাজুল ইসলাম জানান, আজ ভোর পাঁচটার দিকে পাওখালী নামক স্থানে কালীগঞ্জ-শ্যামনগর সড়কে গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। খবর পেয়ে ভোর ছয়টার দিকে ৩৫-৪০ জনের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গাছের গুঁড়ি সরানোর একপর্যায়ে সড়ক থেকে কিছুটা দূরে নির্জন স্থানে লুকিয়ে থাকা জামায়াত-শিবিরের ৩০০-৪০০ কর্মী লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান।সহকারী পুলিশ সুপার তাজুল ইসলাম দাবি করেন, এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ১৪-১৫টি গুলি ছোড়েন। এতে পুলিশের নয়জন সদস্য আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ও অন্যদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১১২টি শটগানের ও ১৩টি রাইফেলের গুলি ছোড়ে। গুলিতে একজন নিহত ও তিন-চারজন আহত হয়েছেন বলে জানতে পেরেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।কালীগঞ্জ জামায়াতের সেক্রেটারি আব্দুল ওহাব জানান, পুলিশের গুলিতে তাঁদের দুজন কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আরও ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের বিভিন্ন ক্লিনিকে গোপনে চিকিত্সা দেওয়া হচ্ছে।