ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচনে আওয়ামী লীগ-বামপন্থী সমর্থিত নীল দল সাতটি এবং বিএনপি-জামায়াতপন্থী সাদা দল তিনটি অনুষদে জয় পেয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।১০টি অনুষদের মধ্যে আইন অনুষদে নীল দলের কোনো প্রার্থী না থাকায় সাদা দলের তাসলিমা মনসুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এ ছাড়া অপর দুটি অনুষদে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হন নীল দলের প্রার্থীরা। আগামী তিন বছর নির্বাচিত ব্যক্তিরা দায়িত্ব পালন করবেন।নীল দলের জয়ী শিক্ষকেরা হলেন: বিজ্ঞান অনুষদে মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, ব্যবসায় শিক্ষায় শিবলী রুবাইয়াতুল ইসলাম, সামাজিক বিজ্ঞানে ফরিদউদ্দিন আহমেদ, মো. ইমদাদুল হক, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে এ এস এম মাকসুদ কামাল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে মো. সেকুল ইসলাম এবং চারুকলা অনুষদে সৈয়দ আবুল বার্ক আল্ভী।সাদা দলের জয়ী শিক্ষকেরা হলেন কলা অনুষদে সদরুল আমিন এবং ফার্মেসি অনুষদে সাইফুল ইসলাম।নির্বাচন কমিশনার অধ্যাপক কামাল উদ্দীন বলেন, আইন অনুষদ বাদে বাকি নয়টি অনুষদে এক হাজার ১৫২ জন ভোটার ছিলেন। এর মধ্যে এক হাজার ৯৪ জন ভোট দেন।