উপাচার্যের অভিভাষণ এবং ২০১২-১৩ অর্থবছরের বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন শুরু হয়েছে। তবে সাড়ে তিন বছরেও উপাচার্য প্যানেল নির্বাচনের ব্যবস্থা না করায় ওয়াকআউট করেছেন বিএনপি-জামায়াতের সমর্থক বলে পরিচিত সাদা দলের শিক্ষকেরা।নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিনেট অধিবেশন শুরু হয়। উপাচার্যের অভিভাষণের পর বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন। আজ অধিবেশনের দ্বিতীয় দিন বাজেট পাস করার কথা।২০১২-১৩ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ৩০৬ কোটি ২০ লাখ টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এবারের বাজেট গত বছরের চেয়ে ২৮ কোটি ৯১ লাখ টাকা বেড়েছে। এ বছর গবেষণায় বরাদ্দ মাত্র দুই কোটি ৯১ লাখ ৮০ হাজার টাকা। শিক্ষা-সহায়ক খাতে ১০ দশমিক ৭১ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।উপাচার্যের অভিভাষণের আগমুহূর্তে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচনের উদ্যোগ না নেওয়ায় অধিবেশন থেকে প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন। এ সময় উপাচার্য বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না।প্রস্তাবিত বাজেট অনুযায়ী আয়ের ক্ষেত্রে ২৩৭ কোটি ৪০ লাখ টাকা আসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুদান, অর্থাৎ সরকারি বরাদ্দ থেকে। আর নিজস্ব আয় থেকে আসবে ৩২ কোটি টাকা। অবশিষ্ট ৩৬ কোটি ৮০ লাখ টাকা ঘাটতি রেখে নতুন অর্থবছর শুরু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাজেটে এই ঘাটতি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ। কোষাধ্যক্ষ তাঁর বাজেট বক্তব্যে আর্থিক অবস্থাভেদে শিক্ষার্থীদের বেতন পুননির্ধারণের প্রস্তাব দেন।বিশ্ববিদ্যালয়ের দুই সহ-উপাচার্য নাসরীন আহমাদ ও সহিদ আকতার হুসাইন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানসহ সিনেট সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।