সাদা পাজেরোতে ফ্ল্যাগ স্ট্যান্ড লাগিয়ে ইয়াবা পরিবহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা রঙের একটি মিতসুবিশি পাজেরো। সামনে পতাকা লাগানোর দণ্ড বা ফ্ল্যাগ স্ট্যান্ড, ঠিক যেমনটি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের গাড়িতে লাগানো থাকে। এ রকম একটি গাড়ি থেকে গত রোববার সন্ধ্যায় ৫০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় গ্রেপ্তার করা হয় ইউসুফ নামের এক ব্যক্তিকে। রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা পাচারের জন্য সরকারি গাড়ির মতো করে গাড়িটি সাজানো হয়েছিল। সাধারণত ফ্ল্যাগ স্ট্যান্ডবাহী গাড়ি দেখলে সরকারি কর্মকর্তাদের গাড়ি ভেবে পুলিশ থামায় না বা তল্লাশি করে না।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, রোববার রাত আটটার দিকে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির পাশ থেকে গাড়িটি জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ইউসুফের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে। তাঁর বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার ঢেকিলার বিল গ্রামে। তিনি চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা এনে ঢাকায় সরবরাহ করেন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, মাদক ব্যবসায়ীরা ইয়াবার সরবরাহ নির্বিঘ্ন রাখতে নানা কৌশল গ্রহণ করছে। এর অন্যতম একটি হলো বিলাসবহুল বা সরকারি গাড়ি-সদৃশ গাড়ির ব্যবহার। অনেক সময় তথ্য থাকলেও সরকারি কর্মকর্তা বা প্রভাবশালী কারও হতে পারে ভেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ ধরনের গাড়ি তল্লাশির জন্য থামান না। আর মাদক ব্যবসায়ীরা সে সুযোগটাই নিচ্ছেন। এ ছাড়া গাড়ির সামনে সাংসদ, পুলিশ, সাংবাদিক প্রভৃতি স্টিকার সাঁটিয়েও মাদক পাচার চলে। মাঝেমধ্যে আবার ব্যবহার করা হয় অ্যাম্বুলেন্সও।

২০১৪ সালের ২৪ আগস্ট রাজধানীর গুলশান থেকে ‘সংসদ সদস্য’ স্টিকারের বিলাসবহুল একটি পাজেরোসহ জুবায়ের নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি। ওই গাড়িতে ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জাম পাওয়া গিয়েছিল। একজন সাংসদের ছেলের কাছ থেকে গাড়িটি কিনে ইয়াবা বহনে ব্যবহার করা হচ্ছিল। পরে জুবায়ের জামিনে বেরিয়ে যান বলে জানিয়েছেন ডিবির এক কর্মকর্তা।

এরপর গত বছরের ২০ ডিসেম্বর রাতে চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকা থেকে ১ লাখ ৮০ হাজার ইয়াবা বড়িসহ একটি টয়োটা র‍্যাভ ফোর গাড়ি জব্দ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় মোহাম্মদ সিরাজউদ্দিন ও আরাফাত নামের দুজনকে।

এর ঠিক ছয় দিন আগেই অর্থাৎ ১৪ ডিসেম্বর চট্টগ্রাম-কক্সবাজার সড়কে একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিকার-সংবলিত গাড়ি থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। সে সময় গাড়িতে চ্যানেলটির জেলা প্রতিনিধি সেলিম ও তাঁর স্ত্রীও ছিলেন। কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার হওয়ার পরে সেলিম স্বীকার করেন যে তিনি প্রায়ই নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে ওই মাইক্রোবাসে ইয়াবা পরিবহন করতেন।