‘আমরা রাস্তা দিয়ে চলি, কিন্তু রাস্তায় কী আছে, জানি না। রাস্তায় উঁচু, নিচু বা গর্ত থাকলে সাদাছড়ির মাধ্যমে বুঝতে পারি। এটি গুরুত্বপূর্ণ গাইড; দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপত্তা ও স্বাবলম্বী হওয়ার প্রতীক।’ কথাগুলো বলেছেন বাংলাদেশ ভিজুয়ালি ইমপিয়ার্ড পিপলস সোসাইটির (ভিপস) সভাপতি মোশাররফ হোসেন মজুমদার।তবে অনেক দৃষ্টিপ্রতিবন্ধী বলেছেন, সাদাছড়ি নিয়েও নিরাপদে চলতে পারছেন না তাঁরা। পাচ্ছেন না সহযোগিতা। ফলে কখনো কখনো তাঁদের সমস্যায় পড়তে হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপমতে, দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতার শিকার। এদের মধ্যে ৩০ শতাংশই দৃষ্টিপ্রতিবন্ধী।সাদাছড়ির ব্যবহার দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচলকে নিরাপদ করতে পারে। এই ছড়ি ব্যবহারের মূল উদ্দেশ্যই হলো তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করা। পরিবেশ-পরিস্থিতি সহায়ক হলে, আশপাশের জনগণ সহযোগিতা করলে সাদাছড়ি হাতে একজন দৃষ্টিপ্রতিবন্ধী একাই চলাফেরা করতে পারে। ভিপসের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সাদাছড়ি একদিকে নিজের পথচলায় সহায়তা করে, অন্যদিকে অপ্রতিবন্ধী পথচারী বা গাড়িচালকের দৃষ্টি আকর্ষণ করে, যাতে তাঁরা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির বিষয়ে সচেতন হতে পারেন। তবে তিনি বলেন, ‘আমাদের দেশের পরিস্থিতি ভিন্ন।’এই ভিন্ন পরিস্থিতি তুলে ধরতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের টেলিফোন অপারেটর মো. খায়রুল আজম নিজ অভিজ্ঞতা থেকে বলেন, ‘হাতে সাদাছড়ি থাকার পরও রাস্তার মাঝখানে বাস থামিয়ে নামতে বলে। বাসে ওঠার সময় চালকের সহকারী তাড়াহুড়ো করে। সাদাছড়ির ওপর রিকশা তুলে দিয়ে ছড়ি ভেঙে ফেলার ঘটনাও আছে।’ আর জাতীয় প্রতিবন্ধী ফোরামের সহকারী সমন্বয়কারী মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘সাদাছড়ি দেখে অনেক সময় হেলপার বাসে সিট নেই জানিয়ে ওঠাতেই চায় না। তাদের ধারণা, আমরা দাঁড়িয়ে যেতে পারব না। হেঁটে চলায়ও আছে বিপদ। ঢাকনাহীন ম্যানহোল, রাস্তা খোঁড়াখুঁড়ি, ফুটপাত দখল, ফুটপাতে বেঁকে থাকা গাছের কারণে দুর্ঘটনায় পড়তে হয়।’ডিজ্যাবল চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরিন জাহান বলেন, ‘হাতে সাদাছড়ি থাকলে লোকজন বিভিন্ন বাজে মন্তব্য করায় দৃষ্টিপ্রতিবন্ধী বেশির ভাগ মেয়ে লজ্জায় এ ছড়ি ব্যবহার করছে না।’এসব থেকে উত্তরণে দৃষ্টিপ্রতিবন্ধীরা বিনা মূল্যে সাদাছড়ি বিতরণ, এর ব্যবহার ও গুরুত্ব নিয়ে প্রশিক্ষণের আয়োজন, এ ব্যাপারে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেছে। তারা বলেছে, এসব বিষয়ে সরকারকে সম্পৃক্ত হতে হবে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাদাছড়ির ব্যবহার নিয়ে সরকারি বা বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশ এগ্রো বিজনেস এলায়েন্সের সভাপতি দৃষ্টিপ্রতিবন্ধী গোলাম মোস্তফা বলেন, হাতেগোনা দু-একজন বিদেশ থেকে সাদাছড়ি ব্যবহারের প্রশিক্ষণ নিয়ে এসেছেন। দেশে এ বিষয়ে কোনো প্রশিক্ষক নেই।সমাজসেবা অধিদপ্তরের সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের অবসরপ্রাপ্ত রিসোর্স শিক্ষক মো. হাবিবুর রহমান খান জানান, তিনিও সাদাছড়ি নিয়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ পাননি। হেলেনকেলারসহ কিছু প্রতিষ্ঠান একসময় কিছু প্রশিক্ষণ দিয়েছে। তিনি গত বছর থেকে সাদাছড়ি তৈরি করছেন।দেশে প্রথম সাদাছড়ি তৈরি করেন দৃষ্টিপ্রতিবন্ধী মো. জাকির হোসেন ১৯৮৯ সালে। ৭২ বছর বয়সী জাকির বলেন, ‘বিনা মূল্যে ছড়ির জন্য একটি সংস্থায় ছয় মাস ঘুরি। ছড়ি হাতে দিয়েও ৬০০ টাকা না দেওয়ায় তা দেয়নি। এতে মনে ব্যথা পাই। এর গুরুত্বও বুঝতে পারি। তখনই এটি তৈরির চিন্তা মাথায় ঢুকে।’ মিরপুর ১ নম্বরে তাঁর ‘জাকির হোয়াইট ক্যান ওয়াচ’ নামের কারখানা সরকার, এনজিও এবং ব্যক্তি পর্যায়ের চাহিদামতো সাদাছড়ি তৈরি করছে। এ ক্ষেত্রে তিনি কোনো অনুদান ও পৃষ্ঠপোষকতা পাচ্ছেন না বলে জানান।কয়েকজন দৃষ্টিপ্রতিবন্ধী বলেন, ফুটপাতগুলো হঠাৎ শেষ না হয়ে ঢালু হয়ে আস্তে আস্তে রাস্তায় মিশলে চলাচলে সহায়ক হয়। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির পর দৃষ্টিপ্রতিবন্ধীদের জায়গাটি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় না। ট্রাফিক সিগন্যালে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা থাকলে তাঁরা কখন রাস্তা পার হবেন, তা বুঝতে পারতেন।জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক কমিটির সদস্য মনসুর আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, যানবাহনের চালককে সচেতন ও সাবধান করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্সে বিশেষ দ্রষ্টব্য দিয়ে সাদাছড়ি দেখলে গাড়ি থামানোসহ বিভিন্ন শর্ত যোগ করতে পারে। চালকদের ও ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিভিন্ন প্রশিক্ষণেও বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি।বিআরটিএর চেয়ারম্যান মো. আইউবুর রহমান খান জানান, ২২ অক্টোবর থেকে শুরু হওয়া চালকদের প্রশিক্ষণ কর্মসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। লাইসেন্সেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসআজ ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হবে। ১৯৬৯ সালে দৃষ্টিপ্রতিবন্ধীদের সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দি ব্লাইন্ড (বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক ইউনিয়ন) আয়োজিত শ্রীলঙ্কায় প্রথম বিশ্ব অন্ধ সম্মেলনে প্রতিবছর ১৫ অক্টোবর এ দিবসটি পালনের বিষয়ে সিদ্ধান্ত নেন প্রতিনিধিরা। ১৯৯৬ সাল থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয় জাতীয় প্রতিবন্ধী ফোরামের যৌথ সহযোগিতায় দিবসটি পালন করছে।