সাধারণ মানুষের মনকে স্পর্শ করতে হবে: সন্জীদা খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ আয়োজনের শেষাংশে ‘শুভেচ্ছা কথনে’ অংশ নেন ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন l ছবি: সাজিদ হোসেন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ আয়োজনের শেষাংশে ‘শুভেচ্ছা কথনে’ অংশ নেন ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন l ছবি: সাজিদ হোসেন

আরেকটি ‘স্বাধীনতাযুদ্ধে’র ডাক এসেছে রমনার বটমূল থেকে। ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন বললেন, এই সংগ্রাম হবে বাঙালির আত্মপরিচয়, মুক্তিযুদ্ধের ইতিহাস আর সত্য ধর্ম নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সংগ্রাম। অস্ত্র নয়, এই সংগ্রামের হাতিয়ার হবে সংস্কৃতি।

পয়লা বৈশাখ সকালে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে শুভেচ্ছা-কথনে তিনি এসব কথা বলেন।

সন্‌জীদা খাতুন বলেন, ‘পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক বিবেচনা, ভাস্কর্যকে মূর্তি আখ্যা দিয়ে ধ্বংস করবার হুমকি বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। এই প্রেক্ষাপটে আমাদের সাধারণ মানুষের কাছে যেতে হবে। নগরকেন্দ্রিক ভাবনা ছেড়ে সমগ্র দেশের দিকে নজর দিতে হবে। দেশের সাধারণ মানুষের মনকে স্পর্শ করতে হবে। শহরে বসে গান গাইলে চলবে না।’

এবারে ছায়ানটের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘আনন্দ, আত্মপরিচয়ের সন্ধান ও মানবতা’। শুক্রবার ৬টা ১০ মিনিটে অনুষ্ঠান শুরু হয় ভৈরব রাগে রাজরূপা চৌধুরীর সরোদে। ‘আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও...’ সম্মেলক গানসহ এ পর্বে ১০টি সম্মেলক, ১৩টি একক গান ও ৪টি পাঠাবৃত্তি পরিবেশিত হয়। ছোট ও বড়দের দল মিলিয়ে সম্মেলক গানে অংশ নেয় ১১১ জন শিল্পী।

সংগীত পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল, শারমিন সাথী ইসলাম, বিজন চন্দ্র মিস্ত্রি, লাইসা আহমদ লিসা, চন্দনা মজুমদার, নাসিমা শাহীন ফ্যান্সি, বিমান চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে পাঠাবৃত্তি করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সৈয়দ হাসান ইমাম। ছায়ানটের অনুষ্ঠানের ঐতিহ্য অনুসারে জাতীয় সংগীতের আগে শুভেচ্ছা কথন নিয়ে আসেন সভাপতি সন্‌জীদা খাতুন। তাঁর কথনের পরে জাতীয় সংগীত দিয়ে শেষ হয় এ পর্ব। শেষ পর্বে পরিবেশিত হয় দেওয়ানা মদিনা লোকপালা।