মাদ্রাসাশিক্ষা নিয়ে প্রতিবেদন
সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় মাদ্রাসার সংখ্যা বেড়েছে দ্বিগুণ
১৯৭০ সালের পর মাদ্রাসার সংখ্যা সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় দ্বিগুণ বেড়েছে। তবে প্রায় ৭৫ শতাংশ মাদ্রাসার অবকাঠামো দুর্বল।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মাদ্রাসাস্তরের শিক্ষা নিয়ে তৈরি করা এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ও ক্ষমতায়ন কৌশল-সহায়ক প্রকল্পের অধীনে এই গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রকল্পের দলনেতা ক্রিস্টফার ই কামিং। প্রতিবেদনের একটি সারসংক্ষেপ উপস্থিত ব্যক্তিদের কাছেও দেওয়া হয়। এতে আরও বলা হয়, মাদ্রাসায় (দাখিল, ইবতেদায়ী ও কওমি) শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত অনেক কম। যদিও মাদ্রাসার শিক্ষকেরা পর্যাপ্ত প্রশিক্ষিত নন। প্রতিবেদনে কওমি মাদ্রাসার বিষয়ে বলা হয়, মাদ্রাসার আকার, ধরন, শিক্ষার্থীর বয়সসীমা, শিক্ষাকার্যক্রম এবং শিক্ষার সুবিধাদি জটিল ও ভিন্ন। কওমি মাদ্রাসার শিক্ষাক্রমও সর্বজনীন নয়। মাদ্রাসার শিক্ষকদের গুণগত উন্নয়ন, মাদ্রাসা বোর্ডের প্রশাসনিক ক্ষমতা ও মাদ্রাসার অবকাঠামোগত সুবিধা বৃদ্ধিসহ বেশ কিছু সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মাদ্রাসা শিক্ষা এবং তার ধারা অক্ষুণ্ন ও অব্যাহত থাকবে। এই শিক্ষাকে আরও উন্নত করা হবে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি কাওসার চৌধুরী, মাদ্রাসাশিক্ষক নেতা সাব্বির আহমেদ মোমতাজী প্রমুখ।বিতর্ক ও বাক্য বাদ: মুক্ত আলোচনায় প্রতিবেদনের সারসংক্ষেপের একটি বাক্য নিয়ে বিতর্ক হয়। প্রতিবেদনে বলা ছিল, প্রচলিত ধারণা আছে যে মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসী প্রশিক্ষণের ক্ষেত্র। বক্তব্য দিতে গিয়ে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আবদুর নুর, সাবেক চেয়ারম্যান মো. ইউসুফসহ আরও কয়েকজন এ বক্তব্যের প্রতিবাদ জানান। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. সিরাজুল হক প্রকল্পের গবেষকদের সঙ্গে আলোচনা করে বাক্যটি বাতিল করার ঘোষণা দেন। গবেষণায় মেধাবীদের এগিয়ে আসতে শিক্ষামন্ত্রীর আহ্বান: মানসম্মত শিক্ষা উন্নয়নের পাশাপাশি গবেষণার কার্যক্রম জোরদার করে দেশের টেকসই উন্নয়ন সম্ভব। এ জন্য গবেষণায় মেধাবী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা খাতে উচ্চতর গবেষণা-সহায়তা কর্মসূচির আওতায় গবেষকদের মধ্যে চেক বিতরণকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।এই কর্মসূচির আওতায় সরকার ২০১০-১১ অর্থবছরে ৩৪ জন গবেষককে তিন কোটি তিন লাখ ৯১ হাজার টাকার অর্থ-সহায়তা দিয়েছে। এ সময় প্রফেসর ইমেরিটাস জামাল নজরুল ইসলাম, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।