সানি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী পলিটেকনিকের নেতা রেজওয়ানুল ইসলাম চৌধুরী ওরফে সানি হত্যার বিচার দাবিতে বাংলাদেশ ছাত্রমৈত্রী গতকাল বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। তারা এই হত্যার বিচারসহ সাত দফা দাবি জানিয়েছে।দাবির মধ্যে আছে নিহত সানির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, আহত কাজী আবদুল মোতালেব ও শেরাফত আলী খানের চিকিত্সার যাবতীয় খরচ দেওয়া, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও লাশ ছিনতাইয়ের অপচেষ্টাকারীদের গ্রেপ্তার ও বিচার, ছাত্রমৈত্রীর মতিউর রহমান ও আফসারুজ্জামানের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, সানির স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করা।মানববন্ধনে ছাত্রমৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীমা সুলতানাসহ নেতা-কর্মীরা অংশ নেন। ৭ জানুয়ারি রাজশাহীতে ছাত্রলীগের হামলায় ছাত্রমৈত্রীর নেতা সানি নিহত হন।