সাপ্তাহিক বন্ধের দিনেও উত্তরা ও নিকুঞ্জে কিছু বিপণিবিতান খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সময়সূচি অনুযায়ী গতকাল বুধবার ছিল রাজধানীর অঞ্চল-৭-এর দোকানপাট ও বিপণিবিতানে পূর্ণ দিবস সাপ্তাহিক ছুটি। কিন্তু এই অঞ্চলের উত্তরা ও নিকুঞ্জে অনেক বিপণিবিতান এবং সড়কের পাশের দোকানপাট খোলা দেখা গেছে। অন্যান্য স্থানের চিত্রও ছিল প্রায় একই রকম।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, অঞ্চল-৭ বুধবার পূর্ণ ও বৃহস্পতিবার আধা বেলা বন্ধ থাকবে। এ অঞ্চলের এলাকাগুলো হচ্ছে: বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত।গতকাল নিকুঞ্জ এলাকার রাজউক টেড্রিং সেন্টার খোলা ছিল। কুশল সেন্টার, এস আর টাওয়ার, লন্ডন প্লাজা, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স, সাউথটেক, রাজলক্ষ্মী, আকাশ প্লাজা, স্টাইল ওয়ার্ল্ডও খোলা দেখা গেছে। তবে আবদুল্লাহপুরের পলওয়েল কারনেশন শপিং মল, উত্তরার বিএনএস টাওয়ার, নর্থ টাওয়ার ও মাসকট প্লাজা বন্ধ পাওয়া গেছে। বন্ধ থাকা বিপণিবিতানগুলোর সামনে কোনো গাড়ি দাঁড়ানো অবস্থায় দেখা যায়নি। ফলে ওই সব সড়কে যানজটও ছিল না। সাপ্তাহিক বন্ধের দিনেও খোলা রাখা বিপণিবিতানগুলোর সামনের সড়কে যানজট ছিল যথারীতি। পলওয়েল কারনেশন শপিং মলে দায়িত্বরত তিনজন নিরাপত্তাকর্মী জানান, বুধবার সারা দিন ও বৃহস্পতিবার আধা বেলা বিপণিবিতান বন্ধের ঘোষণা মাইকে প্রচার করায় তাঁদের বিপণি বন্ধ রয়েছে।মহানগর দোকান মালিক সমিতির উত্তরা অঞ্চলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হঠাত্ বিপণিবিতান ও শপিং মল বন্ধের ঘোষণা দেওয়ায় ব্যবসায়ীরা সরকারি সিদ্ধান্ত পালন করতে সমস্যায় পড়ছেন। আবার অনেকে বন্ধের খবর সঠিকভাবে পাননি। এ কারণে অনেক বিপণিবিতান খোলা ছিল। তবে আগামী বুধবার থেকে সরকারি সিদ্ধান্ত পুরোপুরি পালন করা হবে। তিনি বলেন, সপ্তাহে দেড় দিনের পরিবর্তে এক দিন বন্ধ করা হলে ব্যাংক লেনদেনসহ আনুষঙ্গিক সমস্যা হবে না। কিন্তু এর বেশি হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, সরকারি সিদ্ধান্ত অনেকেই মানতে শুরু করেছেন। তবে দেড় দিনের পরিবর্তে এক দিন বন্ধ থাকলে ব্যবসায়ীরা তা পুরোপুরি পালন করবেন। এ ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের আপত্তি থাকবে না।যানজট কমানো ও বিদ্যুত্ সাশ্রয়ের জন্য রাজধানীর দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নতুন নিয়ম চালু করা হয় ১৯ ফেব্রুয়ারি থেকে। শুরুতে সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রচার না থাকায় নির্ধারিত বন্ধের দিনেও অনেক দোকানপাট খোলা রাখা হয়।