সাফল্যের জন্য দরকার একাগ্রতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ হাসান
জাহিদ হাসান

জীবনে উন্নতি ও সাফল্যের জন্য দরকার বিশ্বাস, একাগ্রতা এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। গতকাল বুধবার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে এই মত দেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং অধরা কণা ভাইল ফার্মিয়নের আবিষ্কারক বিজ্ঞানী জাহিদ হাসান।
গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান জয়োৎসব এবং ‘কিশোর আলো’র কর্মী, একাডেমিক সদস্যদের সঙ্গে দুই ঘণ্টার আলাপচারিতায় জাহিদ হাসান পদার্থবিজ্ঞানের বর্তমান ঝোঁক বর্ণনার পাশাপাশি তাঁর নিজের কাজ ও জীবনের গল্প শোনান। জাহিদ হাসান বলেন, উনিশ শতকের শুরুতে কোয়ান্টাম বলবিদ্যা বস্তুজগতের স্বরূপ অন্বেষণে নতুন আলো ফেলেছিল। এর ফলে তাঁর ভাষায়, ‘আমরা যেকোনো বস্তুকে চারটি কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করতে শিখেছি। কিন্তু আমরা এখনো কোয়ান্টাম গ্র্যাভিটির সন্ধান পাইনি। এরই ফাঁকে আমরা পেয়েছি টপোলজিক্যাল বাস্তবতার সন্ধান।’ তিনি বলেন, টপোলজিক্যাল পদার্থবিজ্ঞান নতুন এক সম্ভাবনার জগৎ উন্মোচিত করেছে, যা একটি নতুন মহাদেশ আবিষ্কারের মতো।
জাহিদ হাসান তরুণদের বেশি করে বিজ্ঞান পড়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিজ্ঞান ক্লাব, বিজ্ঞান কংগ্রেস, মেলা আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
এক প্রশ্নের জবাবে জাহিদ আইনস্টাইনের সেই বিখ্যাত উক্তির পুনরুক্তি করে বলেন, ‘এই দুনিয়ায় সবচেয়ে অবোধ্য অংশ হচ্ছে এটি বোধগম্য। আর দুনিয়ার নিয়মকানুনগুলো বের করতে পারার মধ্যেই যত আনন্দ।’ জাহিদ হাসান মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (এমসিসি) আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন।
প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসানের সঞ্চালনায় আলাপচারিতায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাফিফা জামাল, বুয়েটের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদী প্রমুখ উপস্থিত ছিলেন।