সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও সাঈদীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক।গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী এ অভিযোগপত্র দাখিল করেন।অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন: ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুতফুল হক, একই প্রতিষ্ঠানের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আবদুল হক, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সভাপতি তোফাজ্জল হোসেন, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আযাদ ও বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ। মামলায় ৪৫ জনকে সাক্ষী করা হয়েছে।অভিযোগপত্রে বলা হয়, ২০০৫-০৬ অর্থবছরে জাকাত বোর্ডের অর্থ দেশের ৬৪ জেলার গরিব ও দুস্থদের না দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে তা আত্মসাৎ করেন।অভিযোগপত্রে বলা হয়, আসামিরা এক কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান ভোলার জাতীয় বন্ধুজন পরিষদের অনুকূলে ৫০ লাখ টাকা, কাঠালিয়া মুসলিম এ কে ইনস্টিটিউটকে ছয় লাখ ৫০ হাজার, দেলাওয়ার হোসাইন সাঈদীর পিরোজপুরের ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের নামে পাঁচ লাখ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুতফুল হকের শরীয়তপুরের দারুল কারার সোসাইটির নামে আট লাখ, মাওলানা আবুল কালাম আযাদের মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের নামে ৪৫ লাখ এবং ২০০৪-০৫ অর্থবছরে ১৩ লাখ টাকাসহ জাকাত তহবিলের মোট এক কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে তা আত্মসাৎ করেন। এ অভিযোগে ২০১০ সালের ২৪ মে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন।