নাইকোর কাছ থেকে ঘুষ হিসেবে বিলাসবহুল গাড়ি নেওয়ার অভিযোগে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার দুদকের সহকারী পরিচালক এস এম সাহিদুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।এজাহারে বলা হয়, আট বছর আগে প্রতিমন্ত্রী থাকাকালে মোশাররফ হোসেন কানাডাভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান নাইকো রিসোর্স কোম্পানির কাছ থেকে ঘুষ হিসেবে একটি বিলাসবহুল গাড়ি নিয়েছেন। এ ঘটনায় গত বছর কানাডার একটি আদালত নাইকোকে জরিমানা করেন। অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সাহায্যে কানাডার আদালতের ওই রায়সহ সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।এ ছাড়া বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে নাইকো ও মোশাররফ হোসেনের মধ্যে ঘুষ লেনদেনের আরও কিছু তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে, নাইকোকে অবৈধ সুবিধা দিতেই মোশাররফ হোসেন ঘুষ নিয়েছেন।২০০৫ সালের জানুয়ারি মাসে ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডের পর মোশাররফ হোসেনের জন্য প্রায় ৮৫ লাখ টাকার একটি টয়োটা ল্যান্ড ক্রুজার (২০০৫ মডেল) গাড়ি পাঠায় নাইকো।