মতিঝিল সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পারভিন ফজিলার বিরুদ্ধে ভর্তিতে দুর্নীতির অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে। এখন এটি আদালতে দাখিল করা হবে। অভিযোগে বলা হয়, মতিঝিল সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৃতীয় শ্রেণীর দিবা শাখার ভর্তি পরীক্ষায় প্রকৃত মেধা তালিকা প্রকাশ করেননি। কিন্তু অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন এবং ওই তালিকা থেকে ১১৮ জনকে মেধা তালিকায় দেখান। এর মধ্যে থেকে ১১০ জনকে ভর্তি করেন।প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ১২১ জনের মেধা তালিকা গোপন রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়াও তিনি একই ক্রমিক নম্বরসংবলিত দুটি সম্মিলিত মেধাক্রম ও অপেক্ষমাণদের দুটি চূড়ান্ত ফলাফলের তালিকা প্রকাশ করেন, যা তাঁর নিজের প্রস্তুতকৃত বলে অভিযোগে বলা হয়। গত বছরের ২৬ ডিসেম্বর ফলাফলের তালিকা প্রস্তুত করে ওই দিনই স্বাক্ষর করে পরের দিন তা প্রকাশ করা হয়। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ মতিঝিল থানায় মামলা করেন। দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পর গতকাল কমিশন চূড়ান্ত অভিযোগপত্র অনুমোদন করে।