দুর্নীতির মামলায় ঢাকার সাবেক মেয়র ও বিএনপির নেতা সাদেক হোসেন খোকাসহ চারজন গতকাল সোমবার জামিন পেয়েছেন। মহানগর হাকিম শামসুল ইসলাম আগামী ২৭ মে পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করেছেন। আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় এই জামিনের আদেশ দেন।গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাদেক হোসেন খোকা, ঢাকা সিটি করপোরেশনের বনানী সুপার মার্কেট কমিটির সভাপতি আবদুল বাতেন ওরফে নকী ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ওরফে আজাদ, গুডলাক বেজমেন্ট কার পার্কিংয়ের ব্যবস্থাপক এইচ এম তারেক আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। চারজনের আইনজীবী মহসিন মিয়া আদালতকে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট আসামিদের দুই মাসের জামিনের আদেশ দেন। আজ জামিনের আদেশের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামিনের আবেদন করেছেন। তাঁরা শর্ত ভঙ্গ করেননি বলে জামিন পেতে পারেন।এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কবির হোসাইন জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন, ঢাকা সিটি করপোরেশনের বনানী সুপার মার্কেট কাম আবাসিক কমপ্লেক্সের বেজমেন্টে গাড়ি রাখার (পার্কিং) ইজারা বাবদ ১১ লাখ পাঁচ হাজার টাকা এবং ভাড়া বাবদ ২৬ লাখ ১৪ হাজার টাকা আসামিরা পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেন। এতে রাষ্ট্রের ৩৭ লাখ ১৯ হাজার টাকার ক্ষতি হয়। এ অভিযোগে দুদক ১৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করে। বর্তমানে মামলাটি তদন্তাধীন। কবির হোসাইন আরও বলেন, আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা জামিন অযোগ্য। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি নতুন করে জামিনের বিরোধিতা করেন।