সাবেক সেনাসদস্য হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
রাজধানীর পল্লবী থানার মিরপুর ১২ নম্বরে গত শুক্রবার নিজ বাসায় খুন হয়েছেন সাবেক সেনাসদস্য মো. মহসীন (৪৭)। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তাঁর স্ত্রী সালেহা খাতুন (৩৫) ও শরীফ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পল্লবী থানার ওসি আবদুল লতিফ জানান, শরীফ ও সালেহাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে সালেহা বলেন, শরীফ ও ওয়ালিউল্লাহকে দিয়ে তিনি মহসীনকে খুন করিয়েছেন।পল্লবী থানার এসআই বিপ্লব কুমার শীল জানান, মিরপুর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের ২৬/এ নম্বর বাড়িতে সপরিবারে থাকতেন মহসীন। তিনি একটি নিরাপত্তা কোম্পানিতে চাকরি করতেন। এসআই বিপ্লব জানান, শুক্রবার রাতে সালেহা পল্লবী থানায় এসে বলেন, তাঁর স্বামী শাহবাগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে রাতেই সালেহাকে নিয়ে থানার পুলিশের একটি দল শাহবাগে গিয়ে দুর্ঘটনার কোনো আলামত পায়নি। এরপর থেকে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। পরে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে মহসীনকে নৃশংসভাবে হত্যা করার আলামত পায় পুলিশ। শনিবার তাঁকে গ্রেপ্তারের পর থানায় জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। হত্যার ঘটনায় মহসীনের ভাই মজনু মিয়া পল্লবী থানায় মামলা করেছেন।