সাভারে ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হলে প্লট বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো ১০ এপ্রিলের মধ্যে সাভারের শিল্পনগরীতে স্থানান্তরে যেসব ট্যানারি ব্যর্থ হবে, তাদের প্লট বাতিল ও বিদ্যুৎ, গ্যাস, পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
গতকাল সোমবার বেলা ১১টায় কলাবাগানে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ‘ট্যানারি স্থানান্তর: উদ্ভূত পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পবা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হাজারীবাগের ট্যানারিগুলো সাভারে স্থানান্তরে কয়েকবার সময়সীমা বেঁধে দিয়েছিল সরকার। পাশাপাশি তা স্থানান্তরে ১৪২টি ট্যানারিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। কিন্তু তা কার্যকর হয়নি। সর্বশেষ ১ এপ্রিল থেকে হাজারীবাগে চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তারপর আবার ১০ এপ্রিল পর্যন্ত সময় বাড়িয়েছেন ট্যানারিমালিকেরা। এই সময়ে মধ্যে কোনো ট্যানারি ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আইন অনুযায়ী পরিবেশগত ক্ষতিপূরণ বাবদ ২ হাজার ৫০০ কোটি টাকা আদায় করতে হবে।
বক্তারা বলেন, ট্যানারি স্থানান্তরে দীর্ঘসূত্রতার প্রধান অন্তরায় পরিবেশ ও জনস্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়া। সাভারে শিল্পপ্রতিষ্ঠান চালু না হলে সিইটিপির কার্যক্রম ব্যাহত হবে। বুড়িগঙ্গা নদী ও ঢাকা মহানগরীতে দূষণের মাত্রা বাড়তেই থাকবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ছাড়া ট্যানারিগুলো পরিবেশবান্ধব না হলে রপ্তানি নিষেধাজ্ঞার আশঙ্কা আছে।
বক্তারা আরও বলেন, সাভারের ট্যানারি শিল্পনগরী সর্বশেষ পরিদর্শন ও পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায়, সিইটিপির দুটি মডিউলের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। কিন্তু বর্জ্যের অভাবে তা চালু করা সম্ভব হচ্ছে না। সিইটিপির বাকি দুটি মডিউলের নির্মাণকাজ চলছে ধীরগতিতে। ট্যানারির বর্জ্য তিনটি ইপিএসের (বর্জ্য পাম্পিং স্টেশন) মাধ্যমে সিইপিটিতে যাবে। এখন মাত্র একটি ইপিএসের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বাকি দুটির কাজ চলছে। তিনটি ক্রোম রিকভারি ইউনিটের মধ্যে একটির নির্মাণকাজ প্রায় সম্পন্ন। বাকি দুটির নির্মাণকাজ ধীরগতিতে চলছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাভারে ট্যানারি শিল্পপ্রতিষ্ঠানের শিল্প ভবন নির্মাণ অনেক ধীরগতিতে চলছে। ২৮টি শিল্পপ্রতিষ্ঠানে ট্যানিং ড্রাম স্থাপনের কাজ চলছে। কিন্তু তার অধিকাংশেই বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ করা হয়নি। ফলে সবকিছু প্রস্তুত হলেও বিদ্যুতের অভাবে শিল্পপ্রতিষ্ঠান চালু করা সম্ভব হবে না। এ ছাড়া কোনো শিল্পপ্রতিষ্ঠানেই বর্জ্য স্ক্রিনিং ও মূল পাইপলাইনে সংযোগ স্থাপন করা হয়নি।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধের আলোকে বক্তব্য দেন পবার সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। এ সময় পবার যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, সহসম্পাদক মো. নজরুল ইসলাম, মো. সেলিম, সমন্বয়কারী আতিক মোরশেদ, প্রকৌশলী তোফায়েল আহমেদ, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত, প্রকৌশলী মো. আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।